গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালিরবাজার এলাকার বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আমির হোসেন খোকা (৮৫) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর ছেলে প্রভাষক শাহ আলম মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম আমির হোসেন খোকা এলাকায় একজন সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার দুপুর আড়াইটায় থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
এদিকে, তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
