গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ফুলছড়ি থানা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনাওে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলছড়ি উপজেলা শাখার আমির মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা, প্রধান শিক্ষক মিলন কুমার বর্মণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জাহিদ হাসান জীবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু এবং শিক্ষার্থী মিম আকতার।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
