আগামী ১২ মার্চ (বৃহস্পতিবার) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ওই দিন সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে ২০২৬ খ্রিষ্টাব্দের এই প্রথম অধিবেশন শুরু হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির এই আদেশ জারির তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৪৩২ বঙ্গাব্দের ২৭ ফাল্গুন মোতাবেক ২০২৬ খ্রিষ্টাব্দের ১২ মার্চ এই অধিবেশন আহ্বান করেছেন।
সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. এমাদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।
প্রথা অনুযায়ী, নতুন সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনা তুলে ধরে ভাষণ দেবেন। এরপর রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এখন ১২ মার্চ স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের মধ্য দিয়ে শুরু হবে ত্রয়োদশ সংসদের আনুষ্ঠানিক যাত্রা।
