মঙ্গলবার, জুন ২ , ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর জন্য নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক এবং নাহিদা আক্তারকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রোববার (১০ মে) এক আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এবারের দলে অভিজ্ঞদের পাশাপাশি বেশ কয়েকজন তরুণ প্রতিভাকে সুযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম করা তাজনেহার এবং জুয়াইরিয়া ফেরদৌস চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।  প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, আমাদের পাইপলাইনে যথেষ্ট পেস বোলার নেই। তাই ২ পেসার নিয়ে বিশ্বকাপে যেতে হবে। এছাড়া বিশ্বকাপে আমাদের তিনটা ম্যাচ ভালোভাবে জেতার সামর্থ্য আছে বলে মন্তব্য করেছেন নির্বাচক সালমা খাতুন। বিশ্বকাপ মিশন শুরুর আগে আগামী ২৫ মে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের সাথে একটি ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে এডিনবার্গের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগ্রেসরা। বাংলাদেশ স্কোয়াডে আছেন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মোসাম্মৎ শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, মোসাম্মৎ ঋতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মোসাম্মৎ ফারিহা ইসলাম তৃষ্ণা, মারুফা আক্তার, মোসাম্মৎ সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন, দিলারা আক্তার (উইকেটরক্ষক), জুয়াইরিয়া ফেরদৌস ও তাজনেহার। বিশ্বকাপের মূল আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ১৪ জুন, বার্মিংহামের এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর একে একে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে নেপালে অনুষ্ঠিত বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

 

Share.
Exit mobile version