জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারলেন না লিটন দাস। মোহাম্মদ আব্বাসের বলে স্লিপে আজান ওয়াইসের হাতে ক্যাচ দিয়ে বেঁচে যাওয়ার পর আর মাত্র ১ রানই যোগ করতে পেরেছেন তিনি। আজান যখন ক্যাচটা এক হাতে তালুবন্দি করছিলেন তখন বলটি মাটি স্পর্শ করে। তবে ফিরতি ওভারেই লিটনকে আউট করেছেন আব্বাস। এতে করে ৩৩ রানেই থেমে যায় বাংলাদেশের উইকেটরক্ষকের ইনিংস। তবে ইনিংসটি খুব বড় না হলেও ঠিকই একটা কীর্তিতে নাম তুলেছেন লিটন। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন। তার রান এখন ২০০৯। এই কীর্তি গড়তে ৫৫ ইনিংস খেলেছেন তিনি। বাংলাদেশের প্রথম হলেও সবমিলিয়ে ৩১তম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন লিটন। তার পরেই দলের হয়ে এই কীর্তি গড়ার খুব কাছে আছেন মুশফিকুর রহিম (১৮৭৬ রান)। অন্যদিকে সবমিলিয়ে সবার ওপরে আছেন ৬৪৮০ রান করা ইংল্যান্ডের ব্যাটার জো রুট।
