সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এ মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। মোট ১৭২টি কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। তবে টাকার অংকে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের তুলনায় কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স (DSEX) ১৭ দশমিক ৫৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩১৬ পয়েন্টে।
এছাড়া ডিএসইর অপর সূচক ডিএসইএস (DSES) ১ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ (DS30) ১১ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৬ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৯৮২ কোটি ৪২ লাখ ৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৮৮৪ কোটি ৬২ লাখ ৮ হাজার টাকা। লেনদেনের ক্ষেত্রে মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে ১৫৭টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, ১৭২টির দর কমেছে এবং ৬২টি কোম্পানির শেয়ারের দর অপরিবর্তিত রয়েছে।
