শুক্রবার, এপ্রিল ২৪ , ২০২৬
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোয় মোট ২ হাজার ৮৪২টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে সরকার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে সিলেট-৫ আসনের খিলাফত মজলিসের সদস্য মোহাম্মদ আবুল হাসানের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী জানান, এ সংকট নিরসনে শূন্যপদের তালিকা এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। এ তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে যাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে নিয়োগ প্রস্তাব পাঠানো যায়।

অন্যদিকে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসার শিক্ষক সংকট নিরসনে নন-গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেশন অথরিটির (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এর মাধ্যমে পর্যায়ক্রমে শূন্যপদ পূরণ করা হচ্ছে বলেও জানান তিনি। তিনি বলেন, সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে ধাপে ধাপে শূন্যপদ পূরণ করা সম্ভব হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে স্বল্প সময়ের মধ্যেই শিক্ষক সংকট উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং শিক্ষার মান উন্নত হবে। মাদ্রাসা শিক্ষার বিষয়ে তিনি জানান, দেশে তিনটি সরকারি আলিয়া মাদ্রাসা ও ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসা রয়েছে। সরকারি আলিয়া মাদ্রাসায় ১১৪টি পদ শূন্য রয়েছে। এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় সুপারিনটেনডেন্টের ১ হাজার ৩৫৪টি এবং সহকারী সুপারিনটেনডেন্টের ১ হাজার ৭৭৭টি পদ শূন্য রয়েছে। এসব পদ এনটিআরসিএর মাধ্যমে পূরণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Share.
Exit mobile version