গাজীপুরের শ্রীপুরে তৈরি পোশাক কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে মুক্তিপণের দাবিতে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে মূলহোতাসহ আরও কয়েকজন এখনও পলাতক রয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ধনুয়া গ্রামে অবস্থিত ডিবিএল গ্রুপের জিন্নাত নিটওয়্যার লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।
অপহরণের শিকার কর্মকর্তারা হলেন—কাটিং সেকশনের অফিসার নিশাদ (৩৫), মিঠুন (৩২) ও অরুপ কুমার (৩৮)। তারা সবাই ওই কারখানায় কর্মরত। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে তিন কর্মকর্তা কারখানার প্রধান ফটকের সামনে চা খেতে গেলে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়।
পরে কারখানা কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করলে যৌথ অভিযানে অভিযুক্ত চক্রের মূলহোতা ইমনের বাড়ির পাশ থেকে তিন কর্মকর্তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে শাহীন আলম (২৬), নয়ন মিয়া (৩৪), রবিন (৩০), দুলাল মিয়া (৩৩) ও মাহাবুব হোসেন (৩০) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সকলের বাড়ি ধনুয়া গ্রামে এবং তারা একটি চিহ্নিত অপরাধচক্রের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. এনামুল হক মনি বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের মধ্যে দুইজন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে। বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারখানার এইচআর প্রশাসন বিভাগের কর্মকর্তা মাহামুদুল হুদা জানান, অপহরণের পর প্রায় তিন ঘণ্টা খোঁজাখুঁজির পর তাদের উদ্ধার করা সম্ভব হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তিনি আরও জানান, ঘটনায় জড়িত আরও তিনজন পলাতক রয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।এই ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়েছে।
