ঢাকার ধামরাই উপজেলার চাওনা বিলে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে গতকাল (বুধবার) বিকালে অভিযান চালিয়েছে ধামরাই উপজেলা প্রশাসন। এ সময় মাটিকাটা কাজে ব্যবহৃত একটি বেকো (এক্সকাভেটর) জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট লীজ মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ আসছিল। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায়, কৃষিজমি ও বিলের স্বাভাবিক পরিবেশ নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করা হচ্ছে।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, “চাওনা বিলে অবৈধভাবে মাটি কাটার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং কৃষিজমির ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের কার্যক্রম বন্ধে আমাদের এই অভিযান।” তিনি আরও বলেন, “অভিযান চলাকালে একটি বেকো জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট লীজ মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি বিলে মাটি কেটে বিক্রি করে আসছিল, যার ফলে এলাকার পরিবেশ ও কৃষিকাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা করছেন, নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ মাটি কাটা পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে।
