চাঁপাইনবাবগঞ্জ জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বুধবার (১ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কর্মকাণ্ড, বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা জেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু তুলে ধরেন। এর মধ্যে ছিল—মাদক নিয়ন্ত্রণ, সীমান্ত সমস্যা, কৃষিপণ্য বিপণন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মানোন্নয়নসহ নানা বিষয়। তারা এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ সহযোগী। চাঁপাইনবাবগঞ্জকে একটি আদর্শ ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে আপনাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত প্রয়োজন। আমরা স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে চাই। এ ক্ষেত্রে আপনাদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, জেলা প্রশাসন সবসময় সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে এবং জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং জাতীয় ও স্থানীয় দৈনিকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান। সবার সম্মিলিত প্রচেষ্টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্য রক্ষা ও উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
