ঢাকার দোহারে ফিরোজ হোসেন (৩৮) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। আজ শুক্রবার (৬ মার্চ) ভোররাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত ফিরোজ হোসেন বিলাসপুরের বাসিন্দা। তিনি জয়পাড়া মুক্তিযোদ্ধা মার্কেটের একজন ব্যবসায়ী। এ ঘটনার পর তার স্ত্রী পায়েল পলাতক রয়েছেন।
জানা যায়, ফিরোজের সঙ্গে প্রায় ১৬-১৭ বছর আগে জয়পাড়া খাড়াকান্দা গ্রামের পায়েলের বিয়ে হয়। তবে বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। ফিরোজের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে প্রায়ই অভিযোগ করতেন পায়েল।
আজ ভোরে স্বামী ঘুমে থাকা অবস্থায় ফিরোজের গোপনাঙ্গ কেটে দেন স্ত্রী পায়েল। এ সময় ফিরোজের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দৈনিক আমাদের সময়কে বলেন, ‘ঘটনা সম্পর্কে জেনেছি। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
