রেলওয়ের সেবার মানোন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কার্যক্রমের তদারকি আরও কার্যকর করার লক্ষ্যে জিআইবিআর (GIBR) প্রোগ্রামের অংশ হিসেবে ইব্রাহিমাবাদ-সায়দাবাদ রেল সেকশন পরিদর্শন করেছেন পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ। সোমবার (১৫ জুন) আয়োজিত এ পরিদর্শন কর্মসূচিতে পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে কর্মকর্তারা ইব্রাহিমাবাদ স্টেশনে পৌঁছালে স্থানীয় রেলওয়ে কর্মকর্তারা তাদের স্বাগত জানান। পরে জিএম ফরিদ আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলটি সংশ্লিষ্ট রেললাইন, স্টেশন অবকাঠামো এবং চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রেল সেবার মান বৃদ্ধি, যাত্রীসেবার উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালীকরণ এবং রেল পরিচালনায় বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়।
রেলওয়ে সূত্র জানায়, জিআইবিআর প্রোগ্রামের আওতায় নিয়মিত পরিদর্শন ও তদারকির মাধ্যমে রেলওয়ের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পরিদর্শন শেষে কর্মকর্তারা সংশ্লিষ্ট সেকশনের সার্বিক কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং রেলওয়ের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
