যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে। শনিবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গতকাল স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বহনকারী এমিরেটসের ইকে ০২২০ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
দুবাইয়ে ট্রানজিট শেষে এমিরেটসের ইকে ০৫৮২ ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছাবে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র থেকে মরদেহ বিমানে তোলার সময় অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিকে স্থানীয় সময় বুধবার দুপুরে টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত সোমবার ঢাকায় পৌঁছায়।
