সরকার একযোগে ১৫টি অধিদপ্তর ও সংস্থার শীর্ষ পদে নতুন নিয়োগ দিয়েছে। এর মধ্যে ১১টি প্রতিষ্ঠানে মহাপরিচালক (ডিজি) এবং ৩টি কর্তৃপক্ষে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৬ এপ্রিল) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক ১৫টি প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তর ও সংস্থার প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. জসীম উদ্দিন খানকে খাদ্য অধিদপ্তর-এর মহাপরিচালক করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. লুৎফর রহমানকে পরিবেশ অধিদপ্তর-এর মহাপরিচালক এবং ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম এম আরিফ পাশাকে কৃষি বিপণন অধিদপ্তর-এর মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল্লাহ আল-মামুনকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-এর মহাপরিচালক করা হয়েছে।
বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনকে জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তর-এর মহাপরিচালক, সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামানকে ওয়েজ আর্নার কল্যাণ বোর্ড-এর মহাপরিচালক এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিল আফরোজকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর-এর মহাপরিচালক করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এ এস এম মুস্তাফিজুর রহমানকে পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর-এর মহাপরিচালক, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশাকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ-এর মহাপরিচালক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ)-এর মহাপরিচালক করা হয়েছে।
অন্যদিকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসান মাহমুদকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার জেনারেলের কার্যালয়-এর রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া তিনটি কর্তৃপক্ষে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুল হাইকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর চেয়ারম্যান করা হয়েছে। অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলামকে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমানকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
