ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং বৃত্তিমূলক শিক্ষা বিষয়ে দ্বৈত ডিগ্রি প্রোগ্রাম চালুর সম্ভাব্যতা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়। এর আগে চীনের ইউনান ইউনিভার্সিটি’র প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় ইন্টারন্যাশনাল কো-অপারেশনের এন্ড এক্সচেঞ্জ অফিসের পরিচালক ড. উ ইউন, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব হু জিয়ানফেং, সাইন্স এন্ড টেকনোলজি ডিভিশনের উপ-পরিচালক অধ্যাপক ঝাং শিলাই, ইন্টারন্যাশনাল রিলেশনস ইনস্টিটিউটের ভাইস-ডিন ড. লুও ওয়েইওয়েই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক ড. ইয়াং হুই তার সঙ্গে ছিলেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সৈয়দা রোযানা রশীদ এবং চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রধান মি. এম এম আফিকুর রহমান নাহিদ উপস্থিত ছিলেন। সভায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম একাডেমিক ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ এবং তরুণদের জন্য আরও শিক্ষার সুযোগ সৃষ্টিতে ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এখন শুধু একটি ভাষা শিক্ষাকেন্দ্র নয়, বরং এর চেয়েও অনেক বেশি কিছু। এই প্রতিষ্ঠান বাংলাদেশ এবং চীনের মধ্যে ভাষা শিক্ষা, সাংস্কৃতিক আদান-প্রদান এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে একটি অর্থবহ সেতু হিসেবে কাজ করে আসছে। বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক একাডেমিক ও গবেষণা কার্যক্রম, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং আরও সহযোগিতামূলক উদ্যোগ জোরদার করার প্রয়োজনীয়তার ওপর তারা জোর দেন। এছাড়াও বোর্ড সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের বার্ষিক প্রতিবেদন, বাজেট পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
