ফরিদপুর জেলা ছাত্রদলের কোতোয়ালি থানা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল মুন্সিকে সংগঠন থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ থেকে তাৎক্ষণিকভাবে চূড়ান্ত বহিষ্কার করা হয়। একই সঙ্গে জানানো হয়েছে, এ সিদ্ধান্ত বহিষ্কারের দিন থেকেই কার্যকর বলে গণ্য হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোহেল মুন্সির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থি বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। বিষয়টি তদন্ত করে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া গেলে জেলা ছাত্রদল কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কারের পর থেকে সোহেল মুন্সির কোনো বক্তব্য, কার্যক্রম কিংবা সংগঠনের পরিচয় ব্যবহার সংক্রান্ত দায়ভার ফরিদপুর জেলা ছাত্রদল বহন করবে না। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এ ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, ছাত্রদল একটি আদর্শভিত্তিক সংগঠন। এখানে ব্যক্তির চেয়ে সংগঠন বড়। কেউ যদি সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা অমান্য করে, তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় আমরা সবসময় আপসহীন। যারা সংগঠনের নিয়মনীতি মেনে চলবে না, তাদের জন্য ছাত্রদলে কোনো স্থান নেই। ফরিদপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শেখ এনামুল করিম (রেজা) স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
