বিএনপির জাতীয় কাউন্সিল যত ঘনিয়ে আসছে, ততই দলটির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন— এ প্রশ্নটি দলীয় অন্দরমহল থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। সরকারের দায়িত্ব নেওয়ার পর এটি হবে বিএনপির প্রথম জাতীয় কাউন্সিল। ফলে শুধু নতুন কমিটি গঠন নয়, সরকার ও দলের মধ্যে নেতৃত্বের ভারসাম্য কীভাবে রক্ষা করা হবে, সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক মহলের।
দলটির একাধিক নীতিনির্ধারক, স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা ও সংশ্লিষ্ট সূত্রের সঙ্গে কথা বলে জানা যায়, সম্ভাব্য নেতৃত্ব নিয়ে দলের উচ্চপর্যায়ে নীরব আলোচনা চলছে। তবে প্রকাশ্যে এ বিষয়ে কেউই মুখ খুলতে চাইছেন না। বিএনপির সাংগঠনিক সংস্কৃতি অনুযায়ী, গুরুত্বপূর্ণ নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখার প্রবণতা, এবারও বজায় থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কেন মহাসচিব পদ গুরুত্বপূর্ণ
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নিয়ে বিএনপির ভেতরে কোনো প্রশ্ন নেই। তবে সরকার পরিচালনার পাশাপাশি দলকে সক্রিয় রাখা, সরকারের সঙ্গে সাংগঠনিক সমন্বয়, নীতিনির্ধারণী সিদ্ধান্ত বাস্তবায়ন, আন্তর্জাতিক যোগাযোগ, জোট রাজনীতি এবং তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখার ক্ষেত্রে মহাসচিবের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
