সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১০ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ সূচকের মিশ্র গতির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমলেও বাজারে মোট লেনদেনের পরিমাণ ১ হাজার ২১০ কোটি টাকার বেশি হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, দিনের লেনদেন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে, শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ২ দশমিক ৬৯ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১ হাজার ১১৪ পয়েন্টে পৌঁছেছে। তবে ব্লু-চিপ কোম্পানিগুলোর সূচক ডিএস-৩০ সামান্য ০ দশমিক ০৫ পয়েন্ট কমে ২ হাজার ৮০ পয়েন্টে নেমে এসেছে। দিনভর ডিএসইতে মোট ১ হাজার ২১০ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ১ হাজার ৩৮৭ কোটি ৮৪ লাখ টাকা। ফলে এক দিনের ব্যবধানে লেনদেনের পরিমাণ কমেছে।
