মাগুরা শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় স্ত্রীর সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) সকালে শহরের স্টেডিয়ামপাড়া আইটি পার্কের পেছনে অবস্থিত মাস্টার মিজানুর রহমানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. জিহাদ হোসেন (২১)। তিনি মাগুরা সদর উপজেলার আমুড়িয়া ইউনিয়নের বাসিন্দা মিজানুর রহমানের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ হোসেন প্রায় এক মাস আগে সপরিবারে ওই বাড়িতে ভাড়া ওঠেন। প্রায় এক বছর আগে ঢাকায় অবস্থানকালে বরিশালের ঝালকাঠি এলাকার মো. মানিক মিয়ার মেয়ে মিম খাতুনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। পরিবারের সদস্যরা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্ত্রী মিম খাতুন তার বাবার বাড়ি ঝালকাঠিতে যান। পরে তাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য জিহাদ মোবাইল ফোনে বিভিন্নভাবে অনুরোধ করলেও তিনি ফিরে আসেননি। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। রোববার সকালে নিজ শয়নকক্ষের দরজা বন্ধ করে মোবাইল ফোনটি বালিশের পাশে রেখে স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলার এক পর্যায়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি টের পেয়ে স্বজনরা পুলিশে খবর দেন। পরে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে মাগুরা সদর থানার সাব-ইন্সপেক্টর মো. আসাদ বলেন, “সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।”
