ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত রোববার (১৭ মে) অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। শুনানি শেষে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছিলেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে এমকে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অস্থিরতা ও অনিয়মের অভিযোগ উঠেছে। এসব বিষয়ে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’-এর আওতায় একটি তদন্ত কমিশন গঠনের আবেদন জানানো হয়েছিল। অন্যদিকে আইনজীবী মহসিন রশীদ বলেন, গত ১৮ মাসে সংঘটিত বিভিন্ন ঘটনার সুষ্ঠু তদন্ত চাওয়া হয়েছিল রিটে। তদন্তের পদ্ধতি ও কাঠামো সরকার নির্ধারণ করবে বলেও উল্লেখ করেন তিনি। তবে শুনানি শেষে হাইকোর্ট রিট আবেদনটি খারিজ করে দেন।
