সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্যদের সঙ্গে প্রথম বৈঠকে দায়িত্বশীল ও জনমুখী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বিকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারী সংসদ-সদস্যদের সংসদীয় দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে কাজ করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া এবং তথ্যভিত্তিক ও গঠনমূলক বক্তব্য উপস্থাপনের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া নিয়মিত পড়াশোনা, সংসদীয় কার্যক্রম পর্যালোচনা এবং নিজ নিজ দায়িত্ব সম্পর্কে দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে আগামী অধিবেশনের আগেই সংরক্ষিত নারী আসনের সদস্যদের প্রশিক্ষণ দেবে ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সভায় সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচিত সংসদ-সদস্যদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কর্মকাণ্ড জোরদার করার নির্দেশনাও দেওয়া হয়। বিশেষ করে যেসব আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সংসদ-সদস্য রয়েছেন, সেসব এলাকায় সংরক্ষিত নারী সদস্যদেরও উন্নয়নমূলক কাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার কথা বলা হয়েছে।
সভায় অংশ নেওয়া কয়েকজন নারী সংসদ-সদস্য জানান, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সেখানে দায়িত্ব, কাজের পরিধি ও সংরক্ষিত আসনের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।
সংরক্ষিত নারী আসনের সংসদ-সদস্য সেলিমা রহমান বলেন, বৈঠকে মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ কার্যক্রম, দায়িত্ব এবং জনগণের কল্যাণে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংরক্ষিত আসনের সদস্যদের নির্দিষ্ট নির্বাচনী এলাকা না থাকায় কোথায় এবং কীভাবে কাজ করতে হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী দিকনির্দেশনা দিয়েছেন। পাশাপাশি দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
