মঙ্গলবার, জুন ২ , ২০২৬
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর মহিলা বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আন্তরিকতার সঙ্গে দ্বীনের জন্য কাজ করে যেতে হবে এবং আল্লাহর ফয়সালার ওপর সন্তুষ্ট থাকতে হবে। রাজধানীর আলফালাহ মিলনায়তন–এ অনুষ্ঠিত এই শিক্ষা শিবিরে দেশের বিভিন্ন জেলা থেকে আসা মহিলা জামায়াতের দায়িত্বশীল নেতাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, একজন মুমিনের জীবনে দুনিয়া ও আখিরাতের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। তার মতে, একজন মুমিনের মূল লক্ষ্য হওয়া উচিত আখিরাতের সফলতা অর্জন। দুনিয়ার সাময়িক প্রাপ্তি বা অপূর্ণতা যেন ঈমান ও কাজের স্পৃহাকে দুর্বল না করে—সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মন–এর সঞ্চালনায় শিক্ষা শিবিরে উদ্বোধনী বক্তব্য দেন মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় সব ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ, তাকওয়া, সাংগঠনিক দক্ষতা ও আত্মগঠনের কাজে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতে ইসলামী–র সহকারী সেক্রেটারি আব্দুল হালিম। তিনি বলেন, একজন মুমিনের পুরো জীবনই আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত হওয়া উচিত। শুধু নামাজ বা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না থেকে চিন্তা, কাজ, ত্যাগ, দায়িত্ব ও জীবনযাপনের প্রতিটি ক্ষেত্র আল্লাহর নির্দেশনা অনুযায়ী পরিচালিত হওয়াই প্রকৃত দ্বীনদারীর পরিচয়। শিক্ষা শিবিরে জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশের সবকটি জেলা থেকে বাছাইকৃত জনশক্তিদের অংশগ্রহণে এ শিক্ষা শিবির আগামী ১৬ মে পর্যন্ত চলবে।

Share.
Exit mobile version