২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশ ও হামলাকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মামলার আনুষ্ঠানিক অভিযোগ (চার্জশিট) খুব শীঘ্রই দাখিল করা হবে বলেও জানান তিনি। মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, নিহতদের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা গেছে এবং ঘটনাটি নিয়ে চলমান তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। আমিনুল ইসলাম বলেন, আগামী ৭ জুনের মধ্যে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ (চার্জশিট) দাখিল করা হবে। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তৎকালীন দায়িত্বে থাকা বিভিন্ন বাহিনীর প্রধান এবং আরও অনেককে আসামি করা হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, ছবি: সংগৃহীত। এরআগে স্বাধীনভাবে অনুসন্ধান করা মানবাধিকার সংস্থা ‘অধিকার’ ২০২৪ সালের ১৯ আগস্ট তাদের ফেসবুক পেজে ৬১ জন নিহতের একটি তালিকা প্রকাশ করেছিল এবং নিহত দাবি করে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। উল্লেখ্য, ব্লগারদের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননা এবং নারীনীতির বিরোধিতাসহ ১৩ দফা দাবিতে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতে ইসলাম। সেদিন হাজার হাজার কওমি আলেম-ছাত্র ও সাধারণ মুসল্লি মহাসমাবেশে অংশ নেন।
