দেশের সব রপ্তানি খাতকে তৈরি পোশাক শিল্পের মতো সমান সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণ ও প্রবৃদ্ধি বাড়াতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। আজ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এফবিসিসিআই-এর এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, তৈরি পোশাক খাতের মতোই অন্যান্য রপ্তানি খাতকেও বন্ডেড ওয়্যারহাউস সুবিধা এবং ব্যাক-টু-ব্যাক ঋণপত্র (এলসি) সুবিধা দেওয়া হবে। এতে রপ্তানি খাতে সমান সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, “আমরা যদি সব খাতে একই সুবিধা নিশ্চিত করতে পারি, তাহলে দেশের রপ্তানি আরও বাড়বে।” তবে এসব সুবিধার অপব্যবহার নিয়ে উদ্বেগের কথাও স্বীকার করেন অর্থমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, “কয়েকজন খারাপ মানুষের কারণে পুরো ব্যবস্থাকে বন্ধ রাখা যায় না। চোর ধরার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে।” বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, এখন বড় ধরনের কর-সুবিধা দেওয়ার সুযোগ সরকারের সীমিত। তবে আগামী তিন মাসের মধ্যে ব্যবসার খরচ কমানোর জন্য সরকার কাজ করবে বলে জানান তিনি।
