কক্সবাজারগামী ট্রেনে বিনা টিকিটে যাত্রী পরিবহনের দায়ে রেলওয়ের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজারসহ চার স্টুয়ার্ডকে জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা সাতদিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের। বুধবার (২৯ এপ্রিল) রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট চিফ কর্মাশিয়াল ম্যানেজার (আর) মো. হারুনুর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৩ মার্চ ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনে বিনা টিকিট যাত্রী পরিবহন করে চুক্তিপত্র লঙ্ঘন করা হয়েছে। এ কাজে অনবোর্ড ক্যাটারিং সার্ভিসের চার স্টুয়ার্ড—মো. জুবায়ের হোসেন, মো. নাঈম সিদ্দিক, মো. মেহেদী হাসান, মো. মাহাবুবুর রহমানসহ ম্যানেজার মো. মাইনুল ইসলাম তুহিনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তারা সবাই ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এস এ কর্পোরেশন’র অধীনে কাজ করেন।
চিঠিতে উল্লেখ করা হয়, বিনা টিকিটে যাত্রী পরিবহনের অভিযোগে সংশ্লিষ্টতা পাওয়ায় পাঁচজনকে ১০ হাজার ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। যা সাতদিনের মধ্যে চালানমূলে জমা দিতে হবে। জরিমানার বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের স্বত্বাধিকারী শাহ আলমের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি রিসিভ করেননি।
