শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংককে ‘এ’ ক্যাটাগরি থেকে নামিয়ে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পরপর দুই বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরি হলো তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সর্বনিম্ন অবস্থান।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তাদের ওয়েবসাইটে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়।
ডিএসই আরও জানিয়েছে, জেড ক্যাটাগরিতে নামার ফলে ইসলামী ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা আর পাওয়া যাবে না। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে।
একই সিদ্ধান্তে আরও দুটি ব্যাংকের ক্যাটাগরিও পরিবর্তন করা হয়েছে। বেসরকারি খাতের স্ট্যান্ডার্ড ব্যাংক এবং সাউথ বাংলা ব্যাংককে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়েছে বিএসইসি। এই দুই ব্যাংকের শেয়ারেও মার্জিন ঋণ সুবিধা বন্ধ থাকবে। এদিকে শেয়ারবাজারে ইসলামী ব্যাংকের শেয়ারের দামে পতন দেখা গেছে। দিনের শুরুতে শেয়ারটি ৩৪ টাকা ৭০ পয়সায় লেনদেন হলেও দুপুর ১২টার দিকে তা কমে ৩৩ টাকা ১০ পয়সায় নেমে আসে।