জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন থেকে তাদের সুবিধাভোগীদের আর্থিক সহায়তা ও প্রণোদনা সরাসরি বিকাশ-এর মাধ্যমে প্রদান করবে। এর ফলে মাঠপর্যায়ে এফএও-এর আর্থিক ব্যবস্থাপনা যেমন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে তেমনি সুবিধাভোগীরা তাদের বিকাশ অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে সহায়তা পেয়ে যাবেন, যা তারা জরুরিসহ দৈনন্দিন প্রয়োজনে কাজে লাগাতে পারবেন।
সোমবার (২৭ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সম্প্রতি ঢাকায় এফএও বাংলাদেশ কান্ট্রি অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াকুন শি, ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দিয়া স্যানো, অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভ (অ্যাডমিনিস্ট্রেশন) একরামুল হক এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী, বিজনেস সেলস বিভাগের ভাইস প্রেসিডেন্ট (মাইক্রো ফাইন্যান্স পেমেন্ট) নোভেরা আয়েশা জামান।
