বিপিসির বিভিন্ন কম্পানির ডিপো থেকে জ্বালানি তেল পেট্রল পাম্পে সরবরাহের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নতুন সময়সূচিতে ২ ঘণ্টা এগিয়ে সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত করা হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির ফলে সৃষ্ট সংকট মোকাবেলায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্দেশনা অনুযায়ী বিপণন কম্পানিসমূহের মাধ্যমে সারাদেশে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পণ্যের সরবরাহ কার্যক্রম চলমান রয়েছে। সে পরিপ্রেক্ষিতে দেশব্যাপী ফিলিং স্টেশন, প্যান্ড পয়েন্ট ডিলার ও পাম্পসমূহে জ্বালানি পণ্য সঠিকভাবে সরবরাহ কার্যক্রম নিশ্চিতে বিপিসির অধীনের কম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করা হলো। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শুরু হবে সকাল ৭টায়। আর প্রধান স্থাপনা/ডিপো হতে জ্বালানি পণ্য সরবরাহ কার্যক্রম শেষ হবে বিকেল ৩টায়।
এদিকে দেশব্যাপী জ্বালানি তেলের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে দেশের সব পেট্রল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সব পেট্রল পাম্পের জন্য একজন ট্যাগ অফিসার নিয়োগ করতে হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় ট্যাগ অফিসার নিয়োগ করবে।১৮
রূপগঞ্জে ঘোড়ার মাংস গরুর বলে বিক্রি, জীবিত ১১টি ও জবাইকৃত ৯টি উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতারণার মাধ্যমে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির অভিযোগ উঠেছে। জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের হাড়ারবাড়ী এলাকার একটি প্লট থেকে ঘোড়াগুলো উদ্ধার করা হয়। পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, পূর্বাচল ১০নং সেক্টর হারারবাড়ি এলাকার একটি প্লটে একদল অসাধু ব্যবসায়ী ২০টি ঘোড়া জবাই করার উদ্দেশ্যে নিয়ে আসেন। পরবর্তীতে তারা ৯টি ঘোড়া জবাই করেন। শুক্রবার ভোরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশের হটলাইন ৯৯৯-তে ফোন দেন। পরে পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের পুলিশ সদস্য ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে অসাধু ব্যবসায়ীরা ঘোড়াগুলো রেখে পালিয়ে যান। এ সময় ১১টি জীবিত এবং ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার করা হয়।র্যাব জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেয়ালঘেরা বাড়িতে অভিযান শুরু করলে অপরাধীরা দেয়াল টপকে পালিয়ে যায়। পরে জবাই করা ৯টি ও এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ঘোড়ার মধ্যে একটি সকালে বাচ্চা প্রসব করেছে। পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ আরও জানান, পূর্বাচল উপশহরের নির্জন স্থানে রাতের আঁধারে অসাধু ব্যবসায়ীরা ঘোড়া এনে জবাই করে কম দামে গরুর মাংস বলে উপজেলার বিভিন্ন মাংসের দোকানে বিক্রি করেন। আর ওই মাংস গরুর মাংস হিসেবে মানুষ ক্রয় করে নিয়ে খাচ্ছেন। এ ধরনের অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হচ্ছে।
