টাঙ্গাইল জেলার এলেঙ্গার উভয় প্রান্তে প্রায় ২০ কিলোমিটার অংশে থেমে থেমে যানজট ও যানবাহনের ধীরগতির কারণে যমুনা সেতু কর্তৃপক্ষ এমন পদক্ষেপ গ্রহণ করে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত সেতু কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত কার্যকর করে। এ সময় ঢাকামুখী লেন বন্ধ রেখে উভয় লেন দিয়েই দক্ষিণ ও উত্তরাঞ্চলগামী যানবাহন চলাচল করানো
ঢাকা–রংপুর মহাসড়কে উত্তরাঞ্চলগামী যানবাহনের অতিরিক্ত চাপের কারণে আবারও দুই ঘণ্টার জন্য যমুনা সেতুর ঢাকামুখী লেন বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, উত্তরমুখী যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি সেতুর ওপর একটি গাড়ি বিকল হয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এই ব্যবস্থা নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী যানবাহন ধীরগতিতে চলাচল করছিল। সন্ধ্যার পর ঢাকামুখী লেন পুনরায় চালু করা হয়। এর আগে একই দিন সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ঢাকামুখী লেন বন্ধ রেখে উত্তরাঞ্চলের যানবাহন চলাচল করানো হয়। ফলে আজ দ্বিতীয়বারের মতো লেন বন্ধের ঘটনা ঘটে।
সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, উভয় দিকের যানবাহনের চাপ সামাল দিতে না পেরে যমুনা সেতু কর্তৃপক্ষ আজ দ্বিতীয়বারের মতো ঢাকামুখী লেন সাময়িকভাবে বন্ধ রাখে।
কড্ডা ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ ট্রাফিক পরিদর্শক সাইফুল ইসলাম রাত সাড়ে আটটার দিকে বলেন, ‘ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী যানবাহন একটির সঙ্গে আরেকটি লেগে থাকলেও কোথাও থেমে নেই। তবে দীর্ঘ লেজের মতো সারি তৈরি হয়েছে। তারপরেও চলাচল অব্যাহত রয়েছে। কোথাও থেমে নেই।’
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীনে যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ রিয়াজ উদ্দিন বলেন, ‘সেতুর উভয় প্রান্তেই প্রচণ্ড যানবাহনের চাপ রয়েছে। তার ওপর সেতুর ওপর কয়েকটি গাড়ি বিকল হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। এ কারণে বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ঢাকামুখী লেন বন্ধ রেখে উভয় লেনে উত্তরমুখী যানবাহন চলাচল করানো হয়। পরে লেনটি খুলে দেওয়া হয়।’
সাংবাদিক কল্যাণ ভৌমিক জানান, মেয়ের অসুস্থতার জন্য ঢাকা যাচ্ছিলাম। সকাল সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে দুইটা পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম পারে সয়দাবাদ এলাকায় আটকে ছিলাম। পরে লেন খুলে দেওয়া হলেও টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গোবিন্দাসী ঘুরে ঢাকায় যেতে আরও প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। এলেঙ্গা এলাকায় যানজটের কারণে পুরো যাত্রায় অতিরিক্ত চার ঘণ্টা সময় লেগেছে।
সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন আরো জানান, দিনটিতে দুই দফায় ঢাকামুখী লেন সাময়িকভাবে বন্ধ রেখে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। রাত আটটার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ঢাকা থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলগামী যানবাহনের চাপ এখনও বেশি রয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল হিসেবে ৩ কোটি ৫২ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।
