ডেঙ্গু ও চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সারাদেশে প্রতি শনিবার নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে সবাইকে সচেতন হয়ে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা কর্মসূচি বা ‘ক্লিনলিনেস ড্রাইভ’ পালনের ঘোষণা দিয়েছেন। বর্ষা মৌসুমের আগেই এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির আঙিনা, ড্রেন, জলাধার ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা অভিযানের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অপ্রয়োজনীয় জাঁকজমক বা আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। এ সময় কোনো স্টেজ, মাইক্রোফোন বা বেলুন উড়ানোর আয়োজনও রাখা হয়নি। বরং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগই সবচেয়ে জরুরি। নদী ও খাল নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুসহ নানা ধরনের মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, দীর্ঘ ১৭ বছরের জমে থাকা সমস্যাগুলো দূর করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কে জঙ্গল তৈরি করেছে তা নিয়ে বিতর্কে না গিয়ে এখন সেই জঙ্গল পরিষ্কার করাই বেশি গুরুত্বপূর্ণ। রোগ প্রতিরোধে নদী-নালা পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। তিনি বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননক্ষেত্র যেন তৈরি হতে না পারে, সেজন্যই এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মানুষের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে এই কর্মসূচির আয়োজন করেছে রাজশাহী জেলা প্রশাসন। এতে সার্বিক সহযোগিতা করেছে উপজেলা প্রশাসন ও নওহাটা পৌরসভা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ. ন. ম. বজলুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওহাটা পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।
উল্লেখ্য, গত বুধবার (১১ মার্চ) এক ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে সুরক্ষিত থাকতে সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারই ধারাবাহিকতায় আজ থেকে সারা দেশে প্রতি শনিবার নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করা হয়েছে। এর অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলার বায়া ব্রিজ সংলগ্ন গাংগপাড়া খালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
