মাননীয় মন্ত্রী মো:মিজানুর রহমান মিনু এমপি বলেন ভূমি সেবা নিয়ে মানুষের মনে সন্দেহ অবিশ্বাস আছে, তা দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার সকাল ১১ টায় ভূমি মন্ত্রী মহোদয় তেজগাঁওস্থ ভূমি ভবনে অবস্থিত সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টার (১৬১২২) এর কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপস্থিত ছিলেন।
মো: মিজানুর রহমান মিনু বলেন কলসেন্টারের ব্যাপক প্রচার দরকার যাতে প্রান্তিক মানুষ ভূমিসেবা থেকে বঞ্চিত না হয়। সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের সেবার পরিধি বাড়াতে হবে যাতে প্রতিদিন কমপক্ষে ২০০০ মানুষ এই সেবা পায়, যা বর্তমানে ২০০-৩০০ জনে সীমাবদ্ধ আছে।
মন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন সেবা খাতে ঘুষ দু্র্নীতি বন্ধ করতে চাই,অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে ভূমি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স থাকবে। ভূমি মন্ত্রণালয়ের পূর্বের দায়িত্বপ্রাপ্তগণ ঘুষ দুর্নীতিতে দেশে বিদেশে কুখ্যাত ছিলো। আমাদের পূর্ব পুরুষরা কৃষক ছিলেন তাদের প্রতিচ্ছবি সামনে রেখে কাজ করবো।
প্রতিমন্ত্রী বলেন,ভূমি খাতের অভিযোগ, আপত্তি,আপীল নিষ্পত্তিতে কিভাবে সময় কমানো যায় তা নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো ভূমির মামলাগুলো দ্রুত সমাধানের তাগিদ দেন। আপত্তি ও আপীল নিষ্পত্তিতে নির্দিষ্ট সময়সীমা নির্ধারন করার বিষয়ে বলেন।
মন্ত্রী ও প্রতিমন্ত্রী সিটিজেন কেয়ার সেন্টার এবং কল সেন্টারের এর কার্যক্রম পরিদর্শন করেন এবং সেবা আধুনিকরণে বিভিন্ন নির্দেশনা দেন। এ সময় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে ভূমি ভবনের সভাকক্ষে সিনিয়র সচিব এ এস এস সালেহ আহমেদ এর সভাপতিত্বে প্রকল্প পরিচালকদের অংশগ্রহণে ১৬৩ তম পিডি সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় বিভিন্ন প্রকল্প দ্রুত শেষ করা তাগিদ দেন এবং ভূমিসেবা সহায়তা কেন্দ্র, ভূমি অ্যাপ আরও জনবান্ধব করার জন্য নির্দেশনা দেন।
