বৃহস্পতিবার, মে ১৪ , ২০২৬
৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেবারঅ্যাবলনা হলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপিওয়ার্ল্ডের সঙ্গে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দীর্ঘমেয়াদি চুক্তি হবে না বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

ডিপিওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে কি না—জানতে চাইলে উপদেষ্টা বলেন, চুক্তির প্রক্রিয়া এখনো শেষ হয়নি। শর্ত যদি আমাদের জন্য অনুকূল হয় তাহলে হবে, অন্যথায় হবে না।

শ্রমিকদের কর্মবিরতির ফলে বন্দরে সৃষ্ট অচলাবস্থা প্রসঙ্গে তিনি বলেন, এই অচলাবস্থা অহেতুক তৈরি করা হয়েছে। আমি বন্দর কর্তৃপক্ষকে বলেছি, তারা একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বন্দরের স্বার্থে যা ভালো হবে, তারা সেটিই করবে।

এ সময় সাংবাদিকরা ‘উপদেষ্টা হিসেবে আপনার সিদ্ধান্তহীনতায় মানুষ ভোগান্তিতে পড়ছে’—এমন বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, মানুষ কষ্ট করলে মানুষই বুঝবে। আমি তো কাউকে কাজ বন্ধ করতে বলিনি।

উল্লেখ্য, এনসিটি পরিচালনায় ডিপিওয়ার্ল্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তি নিয়ে বর্তমানে দর-কষাকষি চলছে। ঢাকায় সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) কর্তৃপক্ষের কার্যালয়ে শুরু হওয়া এই প্রক্রিয়া চূড়ান্ত হলে এবং প্রয়োজনীয় অনুমোদন পেলে কয়েক দিনের মধ্যে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

তবে এই চুক্তির প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে কয়েক দিন ধরে কর্মবিরতি পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। সোমবারও এই কর্মবিরতির কারণে বন্দরের অপারেশনাল কার্যক্রমে স্থবিরতা ও অচলাবস্থা বিরাজ করছে।

Share.
Exit mobile version