বুধবার, জুন ১০ , ২০২৬
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় শাড়ি ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ ২২ হাজার আটশ’ টাকা। আজ মঙ্গলবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কালিয়ানী, কাঁকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার কুলিয়া আনসারের মোড় নামক স্থান হতে ভারতীয় চিংড়ি মাছের রেণুপোনা, কালিয়ানি বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার খৈতলা নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, কাঁকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় শাড়ি, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার রাজপুর নামক স্থান হতে ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২ বোতল কোডিন সিরাপ ও একটি বাংলাদেশী মোটরসাইকেল জব্দ করে।

এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত ভারতীয় এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৩ লাখ ২২ হাজার আটশ’ টাকা। বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

Share.
Exit mobile version