শনিবার, জুন ৬ , ২০২৬
২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন, বন্দরের সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে ১০২ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অখালাসকৃত ও নিলামযোগ্য পণ্য নিষ্পত্তির অংশ হিসেবে ২০২৬ সালের জুন মাসে ই-অকশন পদ্ধতিতে ৪৪টি লটে ১০২ কন্টেইনার পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআরের বিশেষ আদেশ নং-৮২/২০২৫/কাস্টমস অনুযায়ী ‘ই-অকশন-৬/২০২৬’-এর আওতায় বিভিন্ন ধরনের কেমিক্যাল, যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, কাগজ, ফ্রিজার, জেনারেটর, লাইমস্টোন, ফেব্রিক্স, ট্রান্সফরমার, কোয়ার্টজ পাউডার এবং গৃহস্থালি সামগ্রীসহ বিভিন্ন পণ্য নিলামে বিক্রি করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব পণ্যচালানের নিলামে কোনো সংরক্ষিত মূল্য (রিজার্ভড ভ্যালু) থাকছে না।
নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এ কার্যক্রম পরিচালনা করা হবে। বিডাররা সরেজমিনে পণ্য পরিদর্শনের পাশাপাশি অনলাইনে দরপত্র দাখিল করতে পারবেন।

আগ্রহী ক্রেতারা বাংলাদেশ কাস্টমসের ই-অকশন পোর্টালে নিবন্ধন করে অনলাইনে বিড করতে পারবেন। তবে অনলাইন আবেদন ছাড়াও জামানতের পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। সর্বোচ্চ দরদাতাদের আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪-এর প্রযোজ্য শর্ত পূরণ সাপেক্ষে পণ্য খালাস গ্রহণ করতে হবে। আগামী ১৮ জুন সকাল ১১টায় ‘ই-অকশন-৬/২০২৬’-এর দরপত্র বাক্স খোলা হবে। এনবিআর জানায়, চট্টগ্রাম বন্দরকে কন্টেইনার জটমুক্ত রাখতে এ ধরনের নিলাম কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version