শনিবার, জুন ১৩ , ২০২৬
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত ঘোষণা করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট বিভাগ। বুধবার (২০ মে) সকালে বিচারপতি আহমেদ সোহেল–এর নেতৃত্বাধীন বেঞ্চে সচিবালয় বিলুপ্তির প্রজ্ঞাপনটি আদালতের নজরে আনা হলে রাষ্ট্রপক্ষের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান আদালত। এ সময় হাইকোর্ট মন্তব্য করেন, ‘এটি কীভাবে সম্ভব?’ রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সচিবালয়ের কার্যক্রম বিলুপ্ত করা সরকারের পক্ষ থেকে আদালত অবমাননার শামিল। তিনি জানান, এ বিষয়ে সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে।

তিনি আরও বলেন, এমন সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। এর আগে মঙ্গলবার (১৯ মে) পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেখানে কর্মরত ১৫ জন বিচারককে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়–এ সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে সরকার। উল্লেখ্য, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করেছিল। পরে সেই অধ্যাদেশ বাতিল করে সরকার।

এদিকে বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত এক রায়ে হাইকোর্ট তিন মাসের মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিল। পরবর্তীতে এ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ, তবে এখনো আপিল দায়ের করা হয়নি। হাইকোর্ট আশা প্রকাশ করে বলেন, আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির আগে যেন সচিবালয়ের কার্যক্রম বন্ধ না করা হয়।

Share.
Exit mobile version