গ্রাহক সুরক্ষা ও ব্যাংকিং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এনআরবি ব্যাংক পিএলসি, ওরাকল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সফটওয়্যার (OFSS) এবং তাদের স্থানীয় অংশীদার ডাটা এজ লিমিটেডের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ব্যাংকটির কোর ব্যাংকিং সিস্টেম উন্নয়ন করে ওরাকল ফ্লেক্সকিউব ইউবিএস ১৪.৮ সংস্করণে রূপান্তর করা হবে। এর মাধ্যমে এনআরবি ব্যাংক বাংলাদেশে প্রথমবারের মতো এই সংস্করণ চালু করতে যাচ্ছে, যা তাদের প্রযুক্তিগত আধুনিকীকরণে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারেক রিয়াজ খান এবং ডাটা এজ লিমিটেডের চেয়ারম্যান নূর আলম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন হাওলাদার, আনোয়ার উদ্দিন ও এম রশিদুল হুদা। এছাড়া ডাটা এজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আসিফুজ্জামান, চিফ বিজনেস অফিসার অসীম তালুকদার এবং ওএফএসএস-এর প্রতিনিধি কে রাজেশ কুমার, সওজাতো জাইন ও সতীশ কৃষ্ণমূর্তিও উপস্থিত ছিলেন।
