ঘোষণাটা অনেক আগেই দিয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির দায়িত্ব শেষে আর কোনো ক্লাব নয়, জাতীয় দলের কোচ হতে চান তিনি। স্পেনের সাবেক মিডফিল্ডারের এমন ঘোষণার পর অনেকে ধারণা করছিলেন, ব্রাজিল হতে পারে তার গন্তব্য। তবে সেই জল্পনায় নিজেই জল ঢেলে দেন গার্দিওলা। সিটিজেনদের সঙ্গে নতুন করে ২ বছরের চুক্তি করেন তিনি। সেই চুক্তির মেয়াদ এক বছর বাকি থাকতেই আবারও তাকে নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। এই গ্রীষ্মেই নাকি বিশ্বকাপজয়ী এক দলের ডাগআউটে দাঁড়াচ্ছেন। তবে সেটা নিজ দেশ স্পেন নয়, ইতালির কোচ হয়ে। গার্দিওলার কোচ হওয়ার এই সংবাদটি জানিয়েছে ইতালির জনপ্রিয় ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ট। কঠিন এক সময় পাড় করছে ইতালি। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি তারা। ৪ বারের বিশ্বকাপজয়ীরা তাই অভিজ্ঞ এবং ভিশোনারী কোচকে দায়িত্ব চায়। নিশ্চিতভাবেই গার্দিওলা এখন সেরা চয়েস হতে পারে ইতালির। ইতালির অন্যতম সেরা ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চিও তাই মনে করেন। আজ্জুরিদের সর্বশেষ কোচ জেনেরো গাত্তুসোর সহকারী হিসেবে কাজ করা বোনুচ্চি বলেছেন, ‘যদি সত্যি নতুন করে শুরু করার ইচ্ছা থাকে, তাহলে আমি গার্দিওলাকে দিয়েই শুরু করতে চাই। এমনটা কঠিন হলেও, স্বপ্ন দেখতে তো আর খরচ লাগে না।’ গাজেত্তার সংবাদটি সত্য হলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ম্যানসিটি ছাড়বেন গার্দিওলা।
আর তার জায়গায় দেখা যেতে পারে এনজো মারেসকাকে। তবে তার আগে নিশ্চিতভাবেই চাইবেন সিটিজেনদের হয়ে শেষটা দুর্দান্তভাবে রাঙাতে। একটা সময় লিগের শিরোপা থেকে দূরে থাকা ম্যানসিটি এখন পয়েন্ট তালিকায় শীর্ষে। সমান ৩৩ ম্যাচে আর্সেনালের সঙ্গে পয়েন্ট সমান ৭০ হলেও বেশি গোল করায় চূড়ায় আছে সিটি।
