পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘ভারতীয় ভিসা প্রক্রিয়া নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। ভারতের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ভারতীয় হাইকমিশনারও এসেছিলেন। তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, যাতে দ্রুত ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয় এবং বাংলাদেশের নাগরিকরা ভ্রমণ করতে পারেন। এ বিষয়ে আমাদের মন্ত্রণালয় কাজ চালিয়ে যাচ্ছে।’
শুক্রবার বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন শেষে তিনি সংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্ত পাঁচটি পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, আমি মন্ত্রী বা এমপি হিসেবে এখানে আসিনি। আপনাদের বোন ও সন্তান হিসেবে এসেছি। আমি সবসময় আপনাদের পাশে আছি। এখানে পাঁচটি পরিবারের ঘরবাড়ি পুড়ে গেছে। তাদের কিছুই অবশিষ্ট নেই। আমার আরও আগে আসা উচিত ছিল। এটি একটি দুর্ঘটনা, এখানে কারও কোনো হাত নেই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমাদের একটি নতুন সরকার গঠিত হয়েছে। বিগত দিনে আমরা সরকারে না থাকলেও আপনাদের বোন ও সন্তান হিসেবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সেই দায়িত্ববোধ থেকেই আমি এখানে এসেছি। আজ কিছু সহায়তা দেওয়া হলো, ভবিষ্যতেও আপনারা আরও সহায়তা পাবেন।
আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, এই অগ্নিকাণ্ড থেকে আমার উপলব্ধি হয়েছে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা ঘটলে সহায়তার পরিমাণ আরও বৃদ্ধি করা প্রয়োজন, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নতুন করে জীবন শুরু করতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে অবশ্যই কথা বলব। আপনারা ধৈর্য ধরুন। আল্লাহ তায়ালা আপনাদের পাশে আছেন, আমিও আছি। ভয় পাওয়ার কিছু নেই।
এ সময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদ, শাহিনুর রহমান, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন, পাভেল রায়হান, জাহিদুর রহমান, মো. মুরাদুর রহমান মুরাদ, শাফিকুল ইসলাম, মাহফুজ খান সহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে মজিবুর মাতুব্বরের বাড়ির একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি বসতঘরের সবকিছু পুড়ে যায়।
