রবিবার, এপ্রিল ২৬ , ২০২৬
১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সার্ক পুনরুজ্জীবিত করতে বাংলাদেশের অটল সমর্থন এবং দক্ষিণ এশিয়ায় শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির অভিন্ন দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সাক্ষাতে এসে সার্ক নিয়ে বিস্তা‌রিত আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, সার্ক অভিন্ন আঞ্চলিক মূল্যবোধকে লালন করে চলেছে এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ, দারিদ্র্য বিমোচন, বিদ্যুৎ, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, জনস্বাস্থ্য, সংস্কৃতি, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করে চলেছে।

প্রতিমন্ত্রী সার্কের প্রক্রিয়াগুলোকে শক্তিশালী ও পুনরুজ্জীবিত করার ওপর জোর দেন এবং সার্ক সনদে অন্তর্ভুক্ত নীতিগুলোর প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে রয়েছে- সার্বভৌম সমতা, আঞ্চলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সদস্য রাষ্ট্রগুলোর জনগণের পারস্পরিক সুবিধা।

Share.
Exit mobile version