শুক্রবার, এপ্রিল ২৪ , ২০২৬
১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নীতীশ কুমারের সরকার। রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা ঘোষণা করেছেন, রাজ্যের কোথাও আর প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। নতুন বিধি কার্যকর হলে কেবল লাইসেন্সপ্রাপ্ত দোকানিরাই এ ধরনের পণ্য বিক্রি করতে পারবেন। উপমুখ্যমন্ত্রী জানান, এ সংক্রান্ত নির্দেশ সবার জন্য বাধ্যতামূলক। কেউ নিয়ম ভঙ্গ করলে বা ভঙ্গের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার বক্তব্য, ‘রাজ্যের কোথাও কোনোভাবেই প্রকাশ্যে মাছ বা মাংস বিক্রি করা যাবে না। সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নতুন বিধি প্রণয়নের প্রক্রিয়া শুরু করেছে। শিগগিরই তা কার্যকর করা হবে।

’তবে বিধিটি কবে থেকে কার্যকর হবে এবং নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কী ধরনের শাস্তি দেওয়া হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি। উল্লেখ্য গত বছরের মার্চে উত্তরপ্রদেশ সরকার ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এ বিষয়ে সব জেলাশাসককে কঠোর নির্দেশ দিয়েছিল যোগী আদিত্যনাথ প্রশাসন। এবার বিহারেও প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।

কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহও সরকারের এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিহার সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। সব জেলাশাসকের কাছে অনুরোধ, তারা যেন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেন।’ এর আগে বিহারে নীতীশ কুমারের সরকার মদ বিক্রি নিষিদ্ধ করেছিল। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রির ওপরও নিষেধাজ্ঞা জারি করা হলো।

Share.
Exit mobile version