মঙ্গলবার, এপ্রিল ২১ , ২০২৬
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছিল, এবারের নির্বাচনে অন্তত ২৬ জন প্রার্থী শতকোটি টাকার মালিক। স্থাবর ও অস্থাবর সম্পদের বাজারমূল্য অনুযায়ী কোটিপতি প্রার্থীর সংখ্যা ৮৯১ জন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, শীর্ষ ১০ ধনী প্রার্থীর মধ্যে ৭ জন বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। এদের সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী। তালিকায় থাকা তিন স্বতন্ত্র প্রার্থীই পরাজিত হয়েছেন। একটি আসনের ফলাফল অবশ্য আইনি জটিলতায় স্থগিত রয়েছে।

শীর্ষ ধনীদের ফলাফল

ধনী প্রার্থীদের তালিকার শীর্ষে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। নির্বাচনী হলফনামা অনুযায়ী, তার ও তার স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ৬০৭ কোটি টাকা।

বেসরকারি ফলাফলে জিতেছেন আবদুল আউয়াল মিন্টু। ধানের শীষ প্রতীকে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৪২৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৬০ ভোট।

ধনী প্রার্থীর তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী। তার,স্ত্রী জামিলা নাজনীল মাওলা এবং কন্যা মেহরীন আনহারের নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদের মোট মূল্য ৪৭৪ কোটি টাকা। তবে আইনি জটিলতায় এই আসনে ফল ঘোষণা স্থগিত রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছেন, ময়মনসিংহ-১১ আসনের বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদের মূল্য ২৯৯ কোটি টাকা। তিনিও জয়ী হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ১ লাখ ১০ হাজার ২১৪।

চতুর্থ স্থানে থাকা কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহেরও জয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ১৭৮ টি। নির্বাচনে অংশ নেওয়া ২৫৬ স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিনজন শীর্ষ ১০ ধনীর তালিকায়। তিনজনই হেরেছেন। পঞ্চম স্থানে থাকা টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর ৭৭ হাজার ১৩০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ষষ্ঠ স্থানে রয়েছেন আরেক স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম বাগেরহাট ১, ২, এবং ৩ আসন থেকে নির্বাচন করেছিলেন। তবে কোনোটিতেই জয়ী হতে পারেননি।

সপ্তম অবস্থানে থাকা চাঁদপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. জালাল উদ্দীন জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৫০৬ ভোট। জয়ী হয়েছেন অষ্টম অবস্থানে থাকা বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজও। ২০৪ কোটি টাকার সম্পদের মালিক এই প্রার্থী ভোট পেয়েছেন ২ লাখ ৪৮ হাজার ৮৪৮টি।

নবম স্থানে থাকা নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফজলুল আজিম পরাজিত হয়েছেন। তবে জয়ী হয়েছেন শীর্ষ ১০ ধনী প্রার্থীর তালিকায় দশম অবস্থানে থাকা শরীয়তপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. সফিকুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট।

Share.
Exit mobile version