বুধবার, এপ্রিল ২২ , ২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ (মঙ্গলবার) ভিডিও কনফারেন্স করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরেই আয়োজনের দাবির কথা আরেকবার জানিয়েছে বিসিবি।

আইসিসির ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য বিসিবিকে ফের অনুরো করে। কিন্তু বিসিবি তাদের সিদ্ধান্তে অনড়। ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা সম্ভব নয় জানায়।

আইসিসি আর বিসিবি কেউই নিজের অবস্থান থেকে এক চুলও নড়েনি। আইসিসি প্রথম থেকেই ভারতে খেলার অনুরোধ করে আসছে। বাংলাদেশও নিরাপত্তা ঝুঁকির কথা বলে ভারতে না খেলার কথা জানিয়ে আসছে।

আইসিসির সাথে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত হোসেন। তার কণ্ঠে আশার বাণী, ‘না, আশা-ভরসা শেষ হয়ে যায়নি। আইসিসি তো আর সব শেষ বলেনি।’

দুই পক্ষের আলোচনার দরজাও বন্ধ হয়নি। খোলা আছে। বিসিবি সহ-সভাপতি আরও বলেন, ‘আমরা (বিসিবি) নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছি। আইসিসিও বিকল্প অনুসন্ধানে আছে। আলোচনা কিন্তু শেষ হয়নি।’

এক প্রশ্নের জবাবে শাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা পজিটিভ পজিশনেই আছি। হাতে সময় খুব কম। কিছু কাজ খুব অচিরেই হবে। সংলাপ যখন শেষ হয়নি, শুরুর পর তা চলমান আছে। কাজেই আমরা ধরে নিতে পারি, আমরা পজিটিভ অবস্থানেই আছি।’

Share.
Exit mobile version