বুধবার, এপ্রিল ২২ , ২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে আজ বৃহস্পতিবার অতিরিক্ত আরো ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এ ক্ষেত্রে কাট-অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা বলে বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, এর আগে গত মঙ্গলবার ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। আর সর্বশেষ এই ক্রয়ের ফলে শুধু চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ৮ জানুয়ারি পর্যন্ত) মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ২৫ লাখ মার্কিন ডলার, যা ৩.৭৫ বিলিয়ন ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বৃহস্পতিবার ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে মোট ২০৬ মিলিয়ন (২০ কোটি ৬০ লাখ) মার্কিন ডলার ক্রয় করা হয়েছে। প্রতি ডলারের বিনিময় হার ছিল ১২২.৩০ টাকা এবং কাট-অফ রেটও ১২২.৩০ টাকা নির্ধারণ করা হয়। এর ফলে, নতুন বছরের জানুয়ারি মাসে মোট ক্রয় দাঁড়াল ৬১ কোটি ৭০ লাখ (৬১৭.০০ মিলিয়ন) মার্কিন ডলার।

আর চলতি ২০২৫-২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ক্রয় হয়েছে ৩ হাজার ৭৫২.৫০ মিলিয়ন মার্কিন ডলার। 

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানান, বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকায় বাংলাদেশ ব্যাংক ডলার কিনছে। এর মাধ্যমে যাতে টাকার মান হঠাৎ অতিরিক্ত কমে না যায় এবং রপ্তানি ও প্রবাস আয় খাত সহায়তা পায়। পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা ও বিনিময় হার স্থিতিশীল রাখাও কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম লক্ষ্য।এতে দেশের বৈদেশিক মুদ্রাবাজারের ভারসাম্য বজায় থাকে। 

Share.
Exit mobile version