বুধবার, এপ্রিল ২২ , ২০২৬
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কের রাজধানী আঙ্কারায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে তুগুজকুমালাক ও মাঙ্গালা এশিয়ান কাপ ২০২৫–এর। ১৭ তারিখ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আঙ্কারার সিনজান জেলার গভর্নর লেভেন্ট কিলিক, মেয়র মুরাত এরাসহ আরও অনেকে। এশিয়ার বিভিন্ন দেশের অংশগ্রহণে আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ইথনোস্পোর্ট দল ইতোমধ্যে আঙ্কারায় পৌঁছেছে।

বাংলাদেশ ইথনোস্পোর্ট এসোসিয়েশনের সভাপতি মো. আল মামুনের নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলটি এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিচ্ছে। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সালাহউদ্দিন চৌধুরী এবং মোঃ রেজাউল করিম মোল্লা। বাংলাদেশ দল এই প্রতিযোগিতায় মাঙ্গালা ও তুগুজকুমালাক—উভয় ইথনোস্পোর্ট ইভেন্টেই অংশগ্রহণ করছে।

তুরস্কের বেস্টেমশে তুগুজকুমালাক ও মাঙ্গালা এসোসিয়েশন এর আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশসহ কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান ও মঙ্গোলিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের খেলোয়াড়রা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতাটি ১৬ থেকে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে।

আয়োজকদের মতে, এই প্রতিযোগিতা এশিয়ার দেশগুলোর মধ্যে ঐতিহ্যবাহী মেধাভিত্তিক খেলাগুলোর প্রসার, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময় জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাঙ্গালা ও তুগুজকুমালাক উভয়ই প্রাচীন মেধাভিত্তিক ইথনোস্পোর্ট, যা কৌশলগত চিন্তা, গণিতভিত্তিক দক্ষতা এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য সমন্বয়কে প্রতিনিধিত্ব করে।

Share.
Exit mobile version