মঙ্গলবার, এপ্রিল ২১ , ২০২৬
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রধান অভিযুক্ত শুটার ফয়সালের বোনের বাসা-সংলগ্ন এলাকা থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করেছে র্যাব-২। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) র্যাব-২-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মো. শামসুল ইসলাম বলেন, রাজধানীর বিজয়নগর এলাকায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় পশ্চিম আগারগাঁওয়ে প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বোনের বাসা-সংলগ্ন এলাকা থেকে ১১ রাউন্ড গুলিসহ ২টি ভরা ম্যাগাজিন ও ১টি চাকু উদ্ধার করেছে র্যাব-২।
তিনি বলেন, সম্প্রতি আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের বড় বোন জিয়াসমিনের বাসা পশ্চিম আগারগাঁও পানির ট্যাংকি-সংলগ্ন কর্নেল গলির আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী গত ১২ ডিসেম্বর সকালে একটি মোটরসাইকেলে করে ওই বাসা থেকে বের হয়ে যায়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, ওই দিন পরে বিকেল ৪টা ৫ মিনিটে ফয়সাল ও তার সহযোগী, তার মা ও ভাগিনাকে দুই বিল্ডিংয়ের মাঝের ফাঁকা স্থান থেকে কিছু বের করতে দেখা যায়। পরে বিকেল ৪টা ২০ মিনিটে ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি নিয়ে ওই এলাকা ত্যাগ করে চলে যায়। পরবর্তীতে গোপন তথ্যের ভিত্তিতে এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে র্যাব-২-এর একটি দল দুই বিল্ডিংয়ের মাঝের ফাঁকা স্থান থেকে ২টি ভরা ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি ও ১টি চাকু উদ্ধার করে।
এছাড়া, অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বোনের বাসা থেকে একটি ট্যাব, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি পুরোনো বাটন মোবাইল, দুটি জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন কোম্পানির পাঁচটি চেক, বিভিন্ন ব্যাংকের ১৫টি চেক বই, ছয়টি পাসপোর্ট এবং ৩৮টি ব্যাংক চেকের পাতা উদ্ধার করা হয়।

Share.
Exit mobile version